রেজা কিবরিয়া ও কেয়ার মনোনয়নপত্র বাতিল
হবিগঞ্জ-১ আসনে অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে গণফোরাম প্রার্থী রেজা কিবরিয়া ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে।
রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় জেলার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রোববার বিকালে হবিগঞ্জের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, হবিগঞ্জের চারটি আসনে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত যাচাই-বাচাই শেষে রেজা কিবরিয়া ও কেয়া চৌধুরীসহ ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল বলেন, “ঋণখেলাপির অভিযোগে রেজা কিবরিয়ার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। সিটি ব্যাংক ক্রেডিট কার্ড বিভাগ ও ঢাকা ব্যাংক থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
“আর কেয়া চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে।”
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কেয়া আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
রিটার্নিং কর্মকর্তার অফিস আরও জানায়, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু হানিফা আহমদ হোসেন, সমর্থকের স্বাক্ষর যাচাইকালে একজনের স্বাক্ষর সঠিক না পাওয়ায় স্বতন্ত্র মো. আব্দুল হান্নান, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামীক ফ্রন্টের মুফতি বদরুর রেজা সেলিম, হলফনামায় স্বাক্ষর না থাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাফেজ জুবায়ের আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির মো. জাকির হোসেন-এর হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়।
হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আব্দুল কাদিরের দলীয় মনোনয়নের চিঠি না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া স্বতন্ত্র আতাউর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়।
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ইসলামিক ফ্রন্টের মুফতি এমএ মমিনের হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র মো. আনছারুল হকের হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন করা এবং বাংলাদেশ ইসলামি ফ্রন্টের সোলায়মান খান রব্বানীর হলফনামায় স্বাক্ষর না থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
