২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বদির গাড়িতে ‘হামলা’: বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

কক্সবাজারের টেকনাফে সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে বহনকারী গাড়িতে কথিত হামলার ঘটনায় এক বিএনপি নেতাসহ সাত জনের নামে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2018, 09:43 PM

Updated : 19 Aug 2022, 02:58 PM

শনিবার সন্ধ্যায় বদির ব্যক্তিগত গাড়ির চালক খোরশেদ আলম বাদী হয়ে মামলা করেন বলে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান।

মামলায় তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও চার জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

আসামিরা হলেন টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, তার দুই শ্যালক সালাহ উদ্দিন হেলাল ও রুহুল আমিন। আব্দুল্লাহর এই দুই শ্যালকও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়।

শুক্রবার রাতে জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি একে আহমদ হোসেনের কূলখানি শেষে কক্সবাজার শহর থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং কাঞ্জরপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে বহনকারী গাড়িতে হামলা হয়। এতে গাড়ির পিছনের কাচ ভেঙ্গে গেলেও কেউ হতাহত হননি।

এ হামলার জন্য ঘটনার পরপরই টেকনাফ বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ ও তার শ্যালকরা জড়িত বলে দাবি করেছিলেন সাংসদ বদি।

সাংসদ বদি গুলি ছুড়ে হামলা চালানো হয়েছে দাবি করেছেন। তবে হামলাটি কী ধরনের ছিল তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি প্রদীপ বলেন, শুক্রবার রাতে সাংসদ বদির গাড়িতে হামলার ঘটনায় জড়িত অভিযোগে বিএনপি নেতা মো. আব্দুল্লাহসহ সাত জনকে আসামি করে মামলা হয়েছে। সাংসদের ব্যক্তিগত গাড়িটির চালক খোরশেদ আলম বাদী হয়ে এ মামলাটি করেন।

হামলার ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি প্রদীপ।

এদিকে, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো বলে দাবি করেছেন বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানি করতে হামলার ঘটনা সাজানো হয়েছে।” 

এ ঘটনার মধ্য দিয়ে সাংসদ বদি নির্বাচনে শান্ত পরিস্থিতিকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা লুটতে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা।

পুরনো খবর:

কক্সবাজারে সাংসদ বদির গাড়িতে হামলার অভিযোগ