গোপালগঞ্জে যৌতুক না দেওয়ায় হত্যার অভিযোগ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই মহিদুল ইসলাম জানান, শনিবার সকালে কলিগ্রাম থেকে মিতালী হালদার (২১) নামে এই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তারা।
মিতালী ওই গ্রামের তাপস বাড়ৈর স্ত্রী।
মিতালীর ভাই অশোক অভিযোগ করেন, তিন বছর আগে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে মিতালীকে তার শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে আসছিলেন।
“শুক্রবার তারা তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। মিতালী টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে হত্যার পর লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে রাখে। এখন আত্মহত্যা বলে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি হত্যা মামলা করবেন বলে জানান।
এসআই মহিদুল বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তা ব্যবস্থা নেওয়া হবে।
