মুন্সীগঞ্জে লরির ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে রোগী নিহত
মুন্সীগঞ্জে লরির ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে এক রোগী নিহত হয়েছেন; এ সময় আহত হয়েছেন তার মেয়ে।
গজারিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার জেলার গজারিয়া উপজেলার দড়িবাউশিয়া এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাকের (৭০) বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামে।
এ সময় তার মেয়ে লাকি আক্তার (৩০) আহত হওয়ায় তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক রহমান বলেন, রাজ্জাককে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় হাসপাতালে নেওয়া হচ্ছিল।
“দড়িবাউশিয়া এলাকায় উজানভাটি হোটেলের সামনে ঢাকাগামী একটি লরি পেছন থেকে রোগীবাহী অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিয়ে তার ওপর উঠে গেলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ভেতরে থাকা রোগী রাজ্জাক ঘটনাস্থলেই নিহত হন।”
আর রাজ্জাকের সঙ্গে থাকা তার মেয়ে লাকি আক্তার হন। তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
লরি ও অ্যাম্বুলেন্সটি পুলিশ জিম্মায় নিলেও লরিচালককে ধরতে পারেনি।
