২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৬ জন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2018, 08:55 PM

Updated : 08 Apr 2022, 07:24 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পুলক কুমার মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বুধবার বিকেল ৫টা পর্যন্ত তারা এসব মনোনয়নপত্র জমা দেন।

সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির, উপজেলা জাকের পার্টির সভাপতি সাজেদুর রহমান ডাবলু ও জামায়াতের কেন্দ্রীয় সদস্য আজিজুর রহমান এবং এর আগের দিন মঙ্গলবার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা সভাপতি বখতিয়ার রহমান নিজে তাদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান জানান, প্রার্থীরা নিজে উপস্থিত হয়ে  মনোনয়নপত্র জমা দিয়েছেন।শার্শা উপজেলায় মোট ভোটার ২লাখ ৬৩ হাজার ৫৫২জন। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৫০ জন নারী।

সকালে শার্শা উপজেলা আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু ও সাধারণ সম্পাদক নূরুজ্জামানকে সঙ্গে নিয়ে শেখ আফিল উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।

আফিল উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, “সারা দেশের ন্যায় শার্শায় অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। যা বিদেশের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। প্রশাসনের সবাই নিরপেক্ষভাবে কাজ করছে। আশা করছি, শান্তিপূর্ণ ও অংশগ্রণমূলক ভোট হবে।

“দল ও দলের হাইকমান্ড যে আশা নিয়ে আমাকে চতুর্থবারের মতো মনোনয়ন দিয়েছেন, আমি তাদের সে আশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন এবং নৌকায় ভোট দেবেন।”

বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি মনোনয়নপত্র জমা দিতে এসে  বলেন, “এখনও লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আশা করছি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকার সুষ্ঠু পরিবেশ তৈরি করবে যেখানে সবাই সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এর মাধ্যমে জয়ী হয়ে ইনশাল্লাহ আপনাদের সবার পাশে থেকে কাজ করতে চাই।”

এ আসনে গত ১০টি জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগ পাঁচবার, বিএনপি তিনবার আর জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী একবার করে জয়ী হয়েছে।