২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে নারী পোশাক কর্মী খুন, ‘স্বামী’ পলাতক

গাজীপুরের টঙ্গীতে এক নারী পোশাক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে; ঘটনার পর থেকে তার কথিত স্বামী পলাতক রয়েছেন।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2018, 03:43 PM

Updated : 19 Aug 2022, 02:56 PM

টঙ্গী পশ্চিম থানার খরতৈল এলাকার অলি মিয়ার ঘর থেকে রোববার সকালে সালমা ওরফে আকমার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জানান।

সালমা স্থানীয় এক পোশাক কারখানায় কাজ করতেন। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি এমদাদুল বলেন, তিনি আরও বলেন, গত ছয়দিন আগে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে অলি মিয়ার টিনশেড বাড়ির একটি ঘর ভাড়া নেন। শনিবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

“সকালে স্থানীয়রা ঘরের ভেতর আকমার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।”

পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।  

তিনি বলেন, “নিহতের গলার বাম পাশে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন এক সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” 

ঘটনার পর থেকে আকমার কথিত স্বামী পলাতক রয়েছেন জানিয়ে ওসি বলেন,  আকমাকে তিনি হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।