২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কলেজছাত্রীকে হত্যা করল ‘মা’

নোয়াখালী সদরে কলেজছাত্রী তাবাসসুম তানিয়া চমককে তার মা হত্যা করেছেন বলে আদালতে স্বীকার করেছেন তার আরেক মেয়ে।  

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2018, 06:32 PM

Updated : 11 Oct 2022, 12:47 PM

শুক্রবার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শয়েব উদ্দিন খাঁন নিহতের ছোট বোন তাসনিম তাহসিন চাঁদনীর (১৯) জবানবন্দি গ্রহণ করেন।

শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ একথা জানান।

পুলিশ জানিয়েছে, গত ১২ নভেম্বর মাইজদী শহরের জয়কৃষ্ণপুরের শাহজাদা এনামুল হক হিমেলের স্ত্রী সাজেদা আক্তার নিপু তার মেয়ে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ১৫ নভেম্বর তাদের বাড়ির পাশে ডোবা থেকে পুলিশ তানিযার মরদেহ উদ্ধার করে।

তাবাসসুম তানিয়া চমক (২২) সোনাপুর কলেজের বাণিজ্য স্নাতক শ্রেণির তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তানিয়ার মা সাজেদা আক্তার নিপু (৪০), ছোট বোন তাসনিম তাহসিন চাঁদনী (১৯) ও মামা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

এসপি বলেন, সহপাঠী ভিন্ন ধর্মাবলম্বী ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখার কারণে মা গলায় ওড়না পেঁচিয়ে তানিয়াকে হত্যা করেছেন বলে জবানবন্দিতে বলা হয়।

সংবাদ সম্মেলনে এসপি ইলিয়াছ শরীফ বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে তানিয়ার ছোট বোন চাঁদনীর কাছ থেকে হত্যার কারণ ও লাশ গুমের তথ্য বেরিয়ে আসে।

“চাঁদনী জানিয়েছে, তানিয়া তার সহপাঠী এক হিন্দু ছেলের সাথে প্রায়ই মোবাইল ফোনে কথা বলত। ১১ নভেম্বর রাতে মা ঢাকা থেকে বাড়ি আসার পর চাঁদনী বিষয়টি মাকে জানায়।

“এরপর মা তানিয়াকে বকাঝকার এক পর্যায়ে ধাক্কা দিলে সে পড়ে মাথায় আঘাত পায়। এ সময় তানিয়া তাকে মেরে ফেলতে বললে ক্ষিপ্ত হয়ে মা চাঁদনীর ওড়না দিয়ে তানিয়ার গলা পেঁছিয়ে ধরেন। এক পর্যায়ে সে মারা যায়।”

চাঁদনীর বরাত দিয়ে এসপি আরও বলেন, এ সময় চাঁদনী ও তার মামা ঘরে ছিলেন। পরে তানিয়ার মা ঘরের পাশে ডোবায় লাশ গুম করে রাখেন। এই ঘটনা কাউকে জানালে তাকেও হত্যা করা হবে বলে চাঁদনীকে সাবধান করেন।

মা ও মামাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়েছে। মামলাটি গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে এসপি জানান।