২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক পাথর ব্যবসায়ী নিহত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2018, 06:42 PM

Updated : 19 Aug 2022, 02:55 PM

বুধবার পাড়ুয়া এলাকায় এ হামলা হয় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন।

নিহত শুকুর আলী (৪০) উপজেলার নয়াগাঙ্গেরপাড় এলাকার  ইব্রাহীম আলীর ছেলে।

ওসি তাজুল ইসলাম জানান, বুধবার সকালে ১০/১২ জনের একদল লোক শুকুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, নিহত শুকুরের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি তিনি ডাকাতি ছেড়ে দিয়ে পাথর ব্যবসা শুরু করেন।

তিনি বলেন, এক সপ্তাহ আগে শুকুরের দেওয়া তথ্যমতে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার জেরে ডাকাতদলের সদস্যরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।