গাজীপুরে তাকের ওপর উঠতে গিয়ে চাপা পড়ে শিশু নিহত
গাজীপুরে বাসার সামনে রাখা কাঠের তাকের ওপর উঠতে গিয়ে উল্টে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।
নিহত নাইম আহম্মেদ (৪) জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজার খানবাড়ি মোড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত।
নাইমের মামা মিরাজ উদ্দিন বলেন, ওই এলাকার ফারুক খানের বাড়িতে ভাড়া বাসায় সপরিবার থাকেন তার বোন। ওই বাড়ির নতুন ভাড়াটিয়া একটি কাঠের তাকসহ তার মালপত্র এনে বাসার সামনে রাখেন।
“নাঈম সকালে কাঠের তাক বেয়ে ওঠার চেষ্টা করলে তা উল্টে তার গায়ের ওপর পড়ে। তার মাথা ও শরীরে আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নাইম ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাত্রায়সা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকায় একটি কারখানার ফোল্ডিং অপারেটার হিসেবে কাজ করেন। আর মা মনোয়ারা বেগম একই এলাকার নাইস ডেনিম কারখানায় সহকারী।
শ্রীপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
