২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

গাজীপুরের নুহাশ পল্লীতে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালন করা হয়েছে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2018, 02:34 PM

Updated : 11 Oct 2022, 12:46 PM

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালন, সকালে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পায়রা উড়িয়ে ও কেক কেটে হুমায়ূনকে স্মরণ করেন তার স্বজন ও ভক্তরা।

হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, তাদের দুই ছেলে নিশাদ ও নিনিত সেখানে ছিলেন।

শাওন সাংবাদিকদের বলেন, “হুমায়ূন আহমেদ আছেন গাজীপুরের নুহাশ পল্লীতে। হুমায়ূন আহমেদের আলোয় গাজীপুর আলোকিত হয়ে আছে। এক অর্থে বাংলাদেশ আলোকিত হয়ে আছে।

“দূর-দুরান্ত থেকে ভক্তরা আসেন যারা, তারা সব সময় রাস্তার কথাটা বলেন। প্রতিবছর বর্ষায় রাস্তা ভেঙে যায়। চলাচলে খুব অসুবিধা হয়। স্বপ্নের নুহাশ পল্লী পর্যন্ত আসার রাস্তাটার দিকে যদি নজর রাখা হয়—হুমায়ূনভক্তদের দিকে তাকিয়ে এটুকু করা উচিত। সম্প্রতি একটি বিষয় আমরা জানতে পেরেছি, বন বিভাগের কিছু জায়গা নুহাশ পল্লীর ভেতরে ঢুকে পড়েছে। হুমায়ূন আহমেদ জীবিত থাকাকালীন এ রকম কোনো কথা আমারা শুনিনি। হঠাৎ করে এটা আমাদের কাছে বাজ পড়ার মত মনে হচ্ছে। হুমায়ূন আহমেদ যখন জায়গাটা কিনেছেন তখন হয়ত কাগজপত্রে কোনো ভুল ছিল।”

জন্মদিন উপলক্ষে নুহাশ পল্লীর ভাস্কর আসাদ খানের দিনব্যাপী একক শিল্পকর্মের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন আহমেদ। তার ডাক নাম ছিল কাজল। বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান। পরে তিনিই আবার ছেলে নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ।

ক্যান্সারে ভুগে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান হুমায়ূন। পরে গাজীপুরের নুহাশ পল্লীতে দাফন করা হয়।