এএসআইয়ের মাথা ফাটানোর মামলায় গ্রেপ্তার ২
গাজীপুরের ভাওয়াল কলেজ ছাত্র ও শ্রমিকদের সংঘর্ষের মধ্যে পুলিশের এক এএসআইয়ের মাথা ফাটার মামলায় দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার জেলার বাসন থানায় এএসআই রজব আলী বাদী হয়ে মামলা করার পর এই দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রুহুল আমিন সরকার।
আটকরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমেদ ও ফজলুল হকের ছেলে ওয়াকিল নাসিফ।
তারা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
এসি রুহুল আমিন সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গেট এলাকায় ওই কলেজের ছাত্রদের সঙ্গে শনিবার বিকালে পরিবহন শ্রমিক ও সাধারণ লোকজনের সংঘর্ষ বাধে।
“সংঘর্ষ চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার কামরুল হাসান ও রজব আলী নামের দুই এএসআই সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।”
এসময় ছাত্রদের হামলার শিকার হয়ে এএসআই কামরুল হাসান গুরুতর আহত হন বলে জানান তিনি।
তাকে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
