গাজীপুরে ছাত্র-শ্রমিক সংঘর্ষ, মাথা ফাটল পুলিশের
গাজীপুরে একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ থামাতে গিয়ে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত গাজীপুর মহানগর পুলিশের এএসআই কামরুল ইসলামকে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর রাতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অভিযান চালিয়ে নয় জনকে আটক করেছে পুলিশ।
ভাওয়াল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ বলেন, বিকালে কলেজ গেইট স্ট্যান্ড থেকে শিক্ষার্থীরা বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিকরা বাধা দেয়।
“এতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেইট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস আটকাতে শুরু করে। এ নিয়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে কলেজ শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি ও বিতন্ডা শুরু হয়।” তিনি বলেন, খবর পেয়ে কলেজ হোস্টেল থেকে শিক্ষার্থীরা লাঠি-সোটা নিয়ে ঘটনাস্থলে যায়।
“এসময় বাসন থানার দুই পুলিশ সদস্য ওই পথে যাওয়ার সময় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে এক পুলিশ সদস্য মাথায় আঘাত পান।”
পরে পুলিশ হোস্টেলে অভিযান চালিয়ে রবিন সরদার, সাদেক, শিমুল, রাকিবসহ ৮-৯ জনকে আটক করে বলে জানান সৌরভ।
ভাওয়াল কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা বলেন, “ওই সংঘর্ষের পর পুলিশ রাত সাড়ে ৯টার দিকে আমাকে অবগত না করে কলেজ হোস্টেল ঘেরাও করে অভিযান চালায়। পরে সেখান থেকে ছাত্রলীগের নয় জন নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে।”
তবে তাদের নাম জানাতে পারেননি তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, পরিবহন শ্রমিক ও ভাওয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে গিয়ে এএসআই কামরুল মাথায় জখম হন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকার উত্তরায় বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় দুইজন আটকের কথা স্বীকার করেন তিনি।
