২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় নসিমন যাত্রী নিহত

বাগেরহাটের মোল্লাহাটে বাসের ধাক্কায় এক নসিমন যাত্রী যুবক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2018, 08:31 PM

Updated : 19 Aug 2022, 02:51 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-মাওয়া মহাসড়কের বোয়ালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি কাজী গোলাম কবির বলেন, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বোয়ালিয়া এলাকায় আরেকটি যাত্রীবাহী শ্যালো ইঞ্জিনচালিত নসিমনকে ধাক্কা দেয়।

“এতে নসিমন থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় এক যাত্রী (২৫) মারা যান।”

ওসি বলেন, হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা একটি নির্মাণ কাজ সেরে নসিমনযোগে মোল্লাহাট উপজেলা সদরে ফিরছিলেন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে বলে ওসি জানান।

মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল গফুর বলেন, একজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।