২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশের স্থান পরিবর্তন

রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্টকে আগে গণকপাড়া মোড়ে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে তাদের পছন্দের স্থান মাদ্রাসা মাঠ দেওয়া হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2018, 09:30 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপ) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

কয়েকটি দিক বিবেচনা করে তাদের মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয় বলে তিনি জানান।

এ সিদ্ধান্ত অপরিবর্তিত থাকলে আগামী শুক্রবার (৯ নভেম্বর) রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে জাতীয় ঐক্যফ্রন্ট সমাবেশ করবে।  

বিভাগীয় এ সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের আগে পছন্দের মাদ্রাসা চেয়েও পায়নি।

এর আগে ঐক্যফ্রন্ট সিলেট দিয়ে সমাবেশ শুরু করেছে। পরে চট্টগ্রাম ও ঢাকায় সমাবেশ করে।

ইফতেখায়ের আলম বলেন, সমাবেশ করতে পুলিশের অনুমতির জন্য গত ২২ অক্টোবর নগর বিএনপি সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ঐক্যফ্রন্টের পক্ষে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেন।

“পরে এ নিয়ে বিএনপি নেতারা একাধিকবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার একেএম হাফিজ আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন।”

বুধবার দুপুরেও মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন আরএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকালে তারা গণকপাড়া মোড়ে সমাবেশের অনুমতি পান। রাতে তাদের জানানো হয় মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতির কথা।

ইফতেখায়ের আলম বলেন, সমাবেশের জন্য ঐক্যফ্রন্টের প্রথম পছন্দ ছিল মাদ্রাসা ময়দান। বিকল্প হিসেবে তারা সাহেববাজার, গণকপাড়া ও মনিচত্বর এলাকার নাম লিখেছিল।

“কিছু শর্তে প্রথমে গণকপাড়া মোড়ে তাদের সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। পরে মাদ্রাসা মাঠের অনুমতি দেওয়া হয়।”

নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, মাদ্রাসা মাঠে সমাশে করার অনুমতি দেওয়ার কথা রাতে তাদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এর আগে তারা গণকপাড়া মোড়ের সমাবেশের মাইকিং শুরু করেছিলেন।