নোয়াখালীতে দুই কেজি হেরোইনসহ আটক ২
নোয়াখালীতে দুই কেজি হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব।
সোমবার জেলা সদরের সোনাপুরে অভিযান চালানো হয় বলে জানান অভিযানে থাকা র্যাব-৭ এর এএসপি কাজী মো. তারেক আজিজ।
আটকরা হলেন নোয়াখালী পৌরসভার সোনাপুরের প্রয়াত আবুল খায়েরের ছেলে আবুল হাসান রুনু (৫৩) ও লক্ষ্মীনারায়ণপুরের শাহ আলমের ছেলে মো. মিলন (৩৫)।
আটক আবুল হাসান রুনু নিজেকে দৈনিক জাতীয় অর্থনীতির বিশেষ প্রতিবেদক বলে পরিচয় দেন, বলেন তারেক।
এই র্যাব কর্মকর্তা বলেন, আটকদের ফেনী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হবে।
আটক হেরোইনের মূল্য আনুমানিক দুই কোটি টাকা বলে জানান তারেক আজিজ।
