ডুয়েটে ভর্তি পরীক্ষা সোমবার
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সোমবার অনুষ্ঠিত হবে।
সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিন শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রথম শিফটে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরকৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, স্থাপত্য বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।
দ্বিতীয় শিফটে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যন্ত্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা চলবে।
আর তৃতীয় শিফটে বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর আটটি বিভাগে ৬৫৪ আসনের বিপরীতে ১২ হাজার ১১৬ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া সুযোগ দেওয়া হয়েছে।
পুরকৌশল বিভাগের ১২৪ আসনের বিপরীতে ২৬৩৩ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬২ আসনের বিপরীতে ৫৮২ জন, স্থাপত্য বিভাগের ৩২ আসনের বিপরীতে ৪৬৩ জন ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ আসনের বিপরীতে ৫০৬ জন লড়বে।
যন্ত্রকৌশল বিভাগের ১২৪ আসনের বিপরীতে ২০৭৮ জন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২৪ আসনের বিপরীতে লড়বে ১৭৫৪ জন।
এছাড়া তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ১২৪ আসনের বিপরীতে ২৮১৪ জন ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩২ আসনের বিপরীতে ১২৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://admission.duetbd.org) -এ পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
