গাজীপুরে শ্রমিক হত্যার গুজবে হামলায় আনসার নিহত
গাজীপুরে শ্রমিক হত্যার গুজবে শ্রমিকদের হামলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১০টি কারখানায় ভাংচুর হয়েছে।
জেলা আনসার কমান্ড্যান্ট এ কে এম জিয়াউল আলম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভৈরবচন্দ্র সরকার নামে এই আনসার সদস্যের মৃত্যু হয়।
নিহত ভৈরবচন্দ্র গাইবান্ধা সদর উপজেলার গোসাইলবাড়ি এলাকার তপন চন্দ্র সরকারের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকায় ডেল্টা পোশাক কারখানায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন।
কাশিমপুরের হাতিমারা এলাকায় বুধবার মিতালি ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এক শ্রমিককে চুরির দায়ে মারধর করে হত্যার পর লাশ গুম করার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী সুপার মকবুল হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ওই শ্রমিককে কারখানায় হাজির করতে না পারায় ১১টার দিকে শতশত শ্রমিকরা মিতালিসহ আশপাশের ১০-১৫টি কারখানায় ভাংচুর করেন।
এ সময় আনসার সদস্য ভৈরবচন্দ্র আহত হন।
আনসার কমান্ড্যান্ট জিয়াউল বলেন, ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার প্রধান ফটকের ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্য ভৈরবচন্দ্রসহ নিরাপত্তাকর্মীরা তাদের বাধা দেন।
“এ সময় বহিরাগত শ্রমিকরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ভৈরবসহ কয়েকজন আহত হন। ভৈরবের মাথায় লাঠির আঘাত লাগে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পরে ওই শ্রমিককে হাজির করার পাশাপাশি ১০টি কারখানা ছুটি দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় বলে জানান গাজীপুরের পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।
ভাংচুর সম্পর্কে যমুনা গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, কয়েক শত শ্রমিক কারখানা চত্বরে ঢুকে চারটি সিসি ক্যামেরা, কারখানার জানালার ৪৮টি থাই গ্লাস, নিরাপত্তাকর্মীদের অফিস ভাংচুর করে এবং কাগজপত্র তছনছ করে।
বহিরাগতদের হামলার আশঙ্কা করে পুলিশকে আগেই জানানো হলেও তারা সময়মত ঘটনাস্থলে না পৌঁছায় এই ভাংচুর হয় বলে তিনি অভিযোগ করেন।
