২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক হত্যার গুজবে কারখানায় ভাংচুর

গাজীপুরে একটি পোশাক কারখানায় চুরির অভিযোগে মারধরে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বেশ কয়েকটি কারখানায় ভাংচুর হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2018, 03:30 PM

Updated : 11 Oct 2022, 12:44 PM

নগরীর কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকার ‘মিতালী ফ্যাশন লিমিটেডের’ শ্রমিকেরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকার বেশ কয়েকটি কারখানায় এ ভাংচুর চালায়।
 

পরে পুলিশ গিয়ে বেলা ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে গাজীপুর শিল্প পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. এমদাদুল হক জানান।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারি পুলিশ সুপার মকবুল হোসেন জানান, মিতালী ফ্যাশন লিমিটেডের এক শ্রমিককে চুরির দায়ে মারধর করে হত্যার পর তার লাশ গুম করা হয়েছে বলে গুজব ওঠে। পরে কারখানার শ্রমিকরা বুধবার বিকালে বিক্ষোভ শুরু করে।
 

“এ সময় কারখানা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের জানায় যে, ওই শ্রমিক মারা যাননি; তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কারখানায় হাজির করা হবে। পরে শ্রমিকরা চলে যায়।”

কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ওই শ্রমিককে কারখানায় হাজির করতে না পারায় মিতালী ফ্যাশনের শ্রমিকরা তাদের কারখানাসহ আশপাশের ১০/১৫টি কারখানায় ভাংচুর করে এবং শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেয়ার আহ্বান জানান বলে শিল্প পুলিশের এ কর্মকর্তা জানান।

ওসি এমদাদুল বলেন, “ডেলটা স্পিনিং, স্ট্যান্ডার্ড, এন টি কে সি, মনটেক্স, মাল্টি ফ্যাবরিক্স, ডেলটা কম্পোজিট, যমুনা গামেন্টস, তুসুকা ও কেয়া স্পিনিং-এ ভাংচুর করা হয়েছে।”

নতুন করে গোণ্ডগোল এড়াতে ওই কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।