কৃষক হত্যা: কিশোরগঞ্জে একজনের প্রাণদণ্ড
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষক রিয়াজ উদ্দিন হত্যা মামলায় একজনকে প্রাণদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিম দশ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
প্রাণদণ্ডপ্রাপ্ত জিল্লু মিয়ার বাড়ি তাড়াইল উপজেলার ভেইয়ারকোনা গ্রামে।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- একই এলাকার ইসহাক মিয়া, তৌহিদ মিয়া, বাদল মিয়া, চাঁন মিয়া, হাদিস মিয়া ও আলী আকবর।
মামলার বিবরণে বলা হয়, ২০০৮ সালের ১৬ জুন ভেইয়ারকোনা গ্রামে কৃষক রিয়াজ উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই শরীফ উদ্দিন খোকন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে ওই দিনই তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে ২০১২ সালের ১২ অগাস্ট জেলা সিআইডির পরিদর্শক মোল্লা মো. শাহজাহান সব আসামির নামে আদালতে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচার কাজ শুরু হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. হুমায়ুন জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়। আর বিচার চলাকালীন সময়ে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়।
