২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পুলিশের সিআরটি প্রস্তুত অপরাধ দমনে

জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধসহ বড় ধরনের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিশেষায়িত দল রাজশাহী মহানগর পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) প্রশিক্ষণ শেষ হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 06:38 PM

Updated : 11 Oct 2022, 12:42 PM

বৃহস্পতিবার পুলিশ লাইন্স মাঠে প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদপত্র বিতরণ করা হয় সোয়াট-এর আদলে গড়া এ দলের সদস্যদের।

এখন থেকে যেকোনো জরুরি পরিস্থিতিতে এ টিম অপারেশন চালাতে সক্ষম বলে জানান রাজশাহী মহানগর পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, একজন উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে ২৪ জনের এই বিশেষ টিমে থাকছেন দুইজন সহকারী পুলিশ কমিশনার, দুইজন পরিদর্শক, পাঁচজন এসআই, একজন এএসআই ও ১৩ জন চৌকষ কনস্টেবল।

হাফিজ জানান, জর্ডান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনিং সেন্টারে জর্ডানে মার্কিন যুক্তরাষ্ট্রের এটিএ-এর তত্ত্বাবধানে সফলভাবে প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সম্পন্ন করেছেনেএ টিমের সদস্যরা। এরপর গত ৭ অক্টোবর শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ হয় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিশেষায়িত টিমের সদস্যদের সনদপত্র বিতরণ করেন পুলিশ কমিশনার হাফিজ আক্তার।

এ সময় এন্টি টেরোরিজম অ্যাসিটেন্ট প্রোগ্রামের প্রধান প্রশিক্ষক বেন কিরিংস্কি ও সহকারী প্রশিক্ষক ড্রিউ কোশেনি, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার আমির জাফর, আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।