টঙ্গীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
টঙ্গী বাজারের এলাকায় ভুষিরপট্টি এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার এসআই ওসি হুমায়ুন কবির জানান।
নিহত হেলাল উদ্দিন (৩৫) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার রাধাকানাইয়া এলাকার মো.তোফাজ্জল হোসেনের ছেলে।
ওসি বলেন, ভুষিরপট্টি এলাকার মাসুদা বেগমের মালিকানাধীন ওই ভবনের ছাদের একটি ঘরে কয়েকজন শ্রমিক রাতে থাকতেন। তারা টঙ্গী বাজার এলাকায় পণ্যবাহী গাড়ি থেকে মালামাল ওঠানো নামানোর কাজ করেন।
“মঙ্গলবার রাতে শ্রমিকেরা খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে ছাদের কিনারায় টয়লেট করতে গিয়ে হেলাল ছাদ থেকে নিচে পড়ে যান।”
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এসআই জানান।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
