২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ

পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার প্রতিবাদে ও আসামি গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2018, 05:37 PM

Updated : 19 Aug 2022, 02:45 PM

বৃহস্পতিবার সকালে জেলা শহরের আব্দুল হামিদ রোডে এই কর্মসূচি পালন করেন তারা।

পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, বর্তমান সভাপতি শিবজিত নাগ, পাবনা সংবাদপত্র পরিষদের সম্পাদক শহীদর রহমান, সহ-সভাপতি কামাল আহম্মেদ, যুগান্তর চ্যানেল আইয়ের পাবনা প্রতিনিধি আক্তারুজ্জামান, পাবনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী বাবলাসহ স্থানীয় সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

তারা অভিযোগ করেন, পাবনার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান স্বপনের ওপর হামলার পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সংবাদিকরা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

স্বপন বৈশাখী টেলিভিশন ও দৈনিক সংবাদের স্টাফ রিপোর্টার। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা প্রেসক্লাব থেকে রিকশায় করে শহরের কফিল উদ্দিনপাড়ার বাসায় ফেরার পথে তার ওপর এই হামলা হয় বলে অভিযোগ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, শহরের সেবা হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলে হেলমেট পরা তিনজন তাকে রড ও পাইপ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে করে। চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেই রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন বলেন, “অজ্ঞাতপরিচয় তিনজন মোটারসাইকেলে করে এসে এই হামলা চালায় বলে আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।”