ধলেশ্বরীতে লঞ্চযাত্রীর খোঁজ মেলেনি
মুন্সীগঞ্জে ধলেশ্বরীতে বাল্কহেডের সঙ্গে সংঘর্ষে নদীতে ডুবে যাওয়া লঞ্চযাত্রীর খোঁজ মেলেনি।
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. আমিনুল ইসলাম জানান, বুধবার সকাল থেকেই নৌপুলিশ ও ফায়ার সার্ভিস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এখনও নিখোঁজ ব্যক্তির খোঁজ পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় হিরাশিকো-১ লঞ্চ থেকে এক ব্যক্তি নদীতে পড়ে যান বলে লঞ্চযাত্রী মো. মেহেদী হাসান জানিয়েছিলেন।
ওসি আমিনুল বলেন, মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুরের খোরশেদ ব্যাপারী নামে এক লোক নিখোঁজের খবর পাওয়া গেছে। তার পরিবার বুধবার সকালে পুলিশকে জানিয়েছে, খোরশেদ নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় চাকরি করেন। তিনি প্রতিদিন সকালে নারায়ণগঞ্জ যান এবং রাতে বাড়ি ফেরেন।
“মঙ্গলবার রাতে খোরশেদ বাড়ি বাড়ি ফেরেননি। নিখোঁজ ব্যক্তি খোরশেদ হতে পারেন কিনা তা নিশ্চিত না। অনুসন্ধান চলছে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজ বিলম্বিত হচ্ছে।”
