দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত শার্শার মৃৎ শিল্পীরা
হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজাকে ঘিরে যশোরের শার্শা উপজেলার যে মেলা বসে তার শেষ প্রস্তুতিতে ব্যাস্ত সময় পার করছেন স্থানীয় মৃৎ শিল্পীরা।
প্রতিবছর দুর্গাপূজার সময় জেলার বিভিন্ন মণ্ডপে বিভিন্ন পণ্যের মেলা বসে; যার মধ্যে মাটির তৈরি রকমারি জিনিসও থাকে।
সারা বছর মাটির তৈরি পণ্যের তেমন চাহিদা না থাকায় স্থানীয় মৃৎ শিল্পীরা আয় রোজগারের জন্য এই সময়টাকে বেছে নেন। আর তাই ক্রেতা টানতে শেষ মুহূর্তে চলছে বাহারী নকশা আর নানা রংয়ের ছটায় ফুটিয়ে তোলার কাজ।
বাজারে মাটির তৈরি জিনিসপত্রের এখন আর তেমন চাহিদা নেই জানিয়ে লক্ষ্মণপুরের মৃৎশিল্পী অন্নপাল বলেন, “সারা বছর মাটির হাড়ি ,পাতিল, সরা, কলসসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে বাজারে বিক্রি করি। তবে ভাল দাম না পাওয়ায় আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হয়।
“তাই প্রতি বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষায় থাকি। বাপ দাদার পেশা বদলাতে পারছিনা, তাই আকড়ে ধরে আছি।”
সামটার রবিন পালের বাড়ি গিয়ে দেখা গেল তার মেয়ে লক্ষ্মীরানী পাল ও ছেলে লক্ষ্মণ পাল বাবাকে কাজে সহায়তা করছে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত নারী-পুরুষ সকলে মিলে তৈরি করছেন মাটির হাড়ি-পাতিল,কড়াই, তৈজসপত্র, পুতুল, তরমুজ, আম, জাম, কাঠাল, টিয়া, হাঁস, মোরগ, হাতি, বাঘ, হরিণ, মাছ, গরু, বিড়াল, চাকা লাগানো নৌকাসহ বিভিন্ন খেলনা।
বাগআচড়ার মায়ারানী পাল বলেন, “পূজার সময় আমাদের দম ফেলার সময় থাকে না। সকাল থেকে গভীররাত পর্যন্ত কাজ করতে হয়। তবে যে পরিমাণ পরিশ্রম করি সে অনুযায়ী আমাদের লাভ থাকে না।”
মৃৎশিল্পী বিশাখা পাল বলেন, “মাটির জিনিসপত্র তৈরি করে আমরা মেলায় বিক্রি করি। শিশুরা মাটির তৈরি খেলনা বেশি পছন্দ করে।”
জামতলার বরুন পাল বলেন, “মাটির জিনিসের মধ্যে হাড়ি-পাতিল, টিয়া পাখি, চাকা লাগানো নৌকা শিশুরা বেশি পছন্দ করে। অন্যদিকে মাটির তৈরি ব্যাংক নারী ক্রেতাদের বেশি পছন্দ।”
লোলিত পাল বলেন, “আমাদের এই ব্যবসাটা বাপ-দাদারা কোরেছে, সেই ঐতিহ্য ধরে রাখার জন্য এখনও ছাড়তে পারছি না। সরকার আমাদের দিকে একটু সুদৃষ্টি দিলে আমরা আমাদের বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখতে পারব।”
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস বলেন, এ অঞ্চলের পাল সম্প্রদায়ের লোকজন দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে জড়িয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। ঐতিহ্য ধরে রাখতে এখনও পেশা বদল না করে এই মৃৎশিল্পের কাজ করে যাচ্ছেন।
