রাজশাহী মেয়রের দায়িত্ব নিলেন লিটন
রাজশাহী সিটি করপোরেশন মেয়রের দায়িত্ব নিয়েছেন এএইচএম খায়রুজ্জামান লিটন।
নগর ভবনের গ্রিন প্লাজায় শুক্রবার বিকেলে প্যানেল মেয়র আনোয়ারুল আজিম আজবের কাছ থেকে তিনি দায়িত্ব নেন।
দায়িত্ব নিয়ে লিটন বলেন, “রাজশাহীর উন্নয়নই আমার স্বপ্ন ও সাধনা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ শুরু করব। আশা করছি, সেবা ও মানে রাজশাহী সিটি করপোরেশন এশিয়ার সেরা জনসেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে।”
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১০১ কোটির টাকার দায় রয়েছে জানিয়ে তিনি বলেন, “পাঁচ বছর আগে আমি ক্ষমতা ছাড়ার সময় ২১ কোটি টাকা উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম। বিএনপির মেয়র (মোসাদ্দেক হোসেন বুলবুল) এসে এই পাঁচ বছরে রাজশাহী নগরকে ১৫ বছর পিছিয়ে দিয়ে গেছেন।
“আমি মেয়র থাকাকালে যে প্রকল্পগুলো হাতে নিয়েছিলাম সেগুলো বাস্তাবায়ন না করে নষ্ট করে দিয়েছেন (বুলবুল)। এবার আমি আমার রেখা যাওয়া সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করব। এর মাধ্যমে রাজশাহী মডেল নগরী হিসেবে গড়ে তুলতে এক ধাপ এগুবে।”
গত ৩০ জুলাই নির্বাচনে বিএনপির বুলবুলকে হারিয়ে মেয়র হন নগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।
এর আগে ২০০৮ সালে প্রথমবার রাজশাহীর মেয়র হন তিনি। কিন্তু ২০১৩ সালে নির্বাচনে বিএনপি নেতা বুলবুলের কাছে পরাজিত হন।
বিভাগীয় কমিশনার নূর-উর রহমান, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে ছিলেন।
