২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে যুবলীগ নেতা হত্যায় গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জে যুবলীগ নেতা গোলাম মোস্তফা হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2018, 07:14 PM

Updated : 19 Aug 2022, 02:41 PM

পৌর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার এসআই তরিকুল ইসলাম জানিয়েছেন।

এদিকে, দোষীদের শস্তির দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে স্থানীয় আওয়ামী লীগ।

বুধবার সকালে রানীগ্রাম বাজারে একদল হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি গোলাম মোস্তফা ওরফে বোম মোস্তফাকে হত্যা করে।

জেলা শহরের চৌরাস্তার মোড় প্রেসক্লাব চত্বরের মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, সাংসদ সেলিনা বেগম স্বপ্না, পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক দানীউল হক দানী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম প্রমুখ।

বক্তারা যুবলীগ নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। 

এই হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই তরিকুল ইসলাম জানান, নিহত মোস্তফার স্ত্রী শিখা খাতুন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

“বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।”

গ্রেপ্তাররা হলেন শহরের রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মৃত আনোয়ার হোসেনের দুই ছেলে ইকবাল রশিদ (২৭) ও হারুনার রশিদ (৩২), একই এলাকার মাসুদুর রহমান মুন্না (৩০) ও সুমন (২৫)।

বুধবার সকালে রানীগ্রাম বাজারের একটি চায়ের দোকানে বসা অবস্থায় একদল হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গোলাম মোস্তফাকে হত্যা করে পালিয়ে যায়।