টঙ্গীতে কারখানায় বিস্ফোরণ: আরও ১ জনের মৃত্যু
টঙ্গীর ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণের একদিন পর দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কবির (২৫) নামের ওই শ্রমিক মারা যান।
কবির ফরিদপুরের সদরপুর উপজেলার ইসমাইল মাতাব্বর কান্দির মোজায়েম হাওলাদারের ছেলে।
এনিয়ে মঙ্গলবারের ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা হলো চার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানান, কবির বিকাল ৫টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর বিসিক এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় হিট মেশিন বিস্ফোরণ হয়ে
ঘটনাস্থলে মারা যান নেত্রকোনা সদরের নড়িয়ার সাহেব আলীর ছেলে সামসুল হক (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছার সিরাজুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম ওরফে আজিজুল ইসলাম (১৮)।
একইদিন রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের অপর সহকর্মী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সমর আলীর ছেলে লাল চাঁনও মারা গেছেন। তারা কারখানার পেইন্ট সেকশনের শ্রমিক ছিলেন।
শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালের চিকিৎসক রাবেয়া বিনতে রিয়াজ জানান, আহতদের মধ্যে রিপন (১৮), কবির (২৫), সাজ্জাত (১৭), রাসেল (১৮), রাইহান খান (২৫), রিপন (২১), লাল চাঁন (২৫), মোশারফ (১৮), তানজিনা (২২), সালমা (১৮), কাকলী (২০), রনি (২৫), আসিফ (১৮), আতিকুল (২০), আক্তারা (৪০), আকাশ (১৮), আলমগীর (২০), বাবু (১৮), রিপন (১৮), ঝর্ণা (৫০) ও তায়েব খানের (৩২) নাম জানা গেছে।
ঘটনার দিন তাদের মধ্যে রিপন, কবির, লাল চাঁন, তানজিলা, সালমা, কাকলী ও রনিসহ আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
তদন্ত কমিটি
এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুর জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর বলেন, ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। সাত কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
লাশ পরিবহন ও দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
