রাজশাহীতে শয়নকক্ষে নারীকে গলা কেটে হত্যা
রাজশাহীর তানোরে এক নারীকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় হামলাকারীরা। এ ঘটনায় তার পুত্রবধূ আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপুর জিৎপুর গ্রামে নিজ শয়নকক্ষে খাটের উপর জোহরার বেগমের (৪৫) গলাকাটা লাশ পাওয়া যায়।
নিহত জোহরা একই গ্রামের হেলাল উদ্দিনের তালাকপ্রাপ্ত স্ত্রী। তিনি পুত্রবধূসহ ছেলের সঙ্গে থাকতেন।
ছেলে জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে গার্ডের চাকরি করেন। ঘটনার সময় ছেলে বাড়ি ছিলেন না।
জোহরার আহত পুত্রবধূ রুমিকে (২০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তানোর থানার ওসি রেজাউল ইসলাম জানান, চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের বাড়ি গিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। ঘরের ভেতরে খাটে জোহরা গলাকাটা ও তার পুত্রবধূ রুমি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তারা থানায় খরব দেন।
ওসি বলেন, পুলিশ গিয়ে রুমিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে প্রতিবেশীরা কিছু বলতে পারেনি।
“জোহরার লাশের পাশ থেকে একটি ছুরি ও হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।”
