২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পুলিশের অভিযানে লুটপাটের অভিযোগ

রাজশাহীতে ‘মাদকবিরোধী অভিযানের সময়’ টাকা, গয়নাসহ গৃহসামগ্রী লুটপাটের অভিযোগ করেছেন এলাকাবাসী।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2018, 03:49 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার রাত ৮টার দিকে কাটাখালি থানার খিদিরপুর মধ্যচর এলাকায় পুলিশ এই অভিযান চালায়।

মধ্যচরের নূরেখা বেওয়া সাংবাদিকদের বলেন, “দুটি মহিষ বিক্রির দুই লাখ ৩০ হাজার টাকা আমার ঘরের ট্রাংকে রাখা ছিল।

“ঘর তল্লাশির সময় পুলিশ ট্রাংকের তালা ভেঙ্গে তছনছ করে। পুলিশ যাওয়ার পর সে টাকা পাওয়া যায়নি। এছাড়া আমার দোকানের মালপত্র ও বাড়ির ১০টি মুরগি পুলিশ নিয়ে গেছে।”

লুটপাটের অভিযোগ করেছেন আরও অনেকে।

হাতেমের স্ত্রী হানিফা খাতুন বলেন, “আমার বাড়ি থেকে প্রায় ২০ হাজার টাকা, একটি সোনার আংটি আর পিতলের বাসনপত্র নিয়ে গিয়েছে পুলিশ। এমনকি তারা আমার বাড়ি থেকে মুরগির ডিমগুলোও নিয়ে গেছে।”

রাতের এই অভিযানের সময় মধ্যচরের পুরুষেরা এলাকা ছেড়ে চলে যান বলে তারা জানান।

মঙ্গলবার সকালেও পুলিশকে ওই এলাকায় টহলে দিতে দেখা গেছে। অনেক নারী এ সময় হয়রানির ভয়ে এলাকা ছেড়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন। তারা নদী পার হয়ে আত্মীয়-স্বজনের বাড়ি আশ্রয় নেবেন বলে জানান।

কাটাখালি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তফা হোসেন বলেন, “সাদা পোশাকের সাত-আটজন গোয়েন্দা পুলিশ সোমবার রাতে মধ্যচর পূর্বপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়।

“তারা সামনে ছেলেমেয়ে যাকে পেয়েছে তাকেই লাঠিপেটা করেছে। একপর্যায়ে গ্রামের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। তখন কয়েকজন পুলিশ পালিয়ে গেলেও দুইজনকে ধরে পিটিয়ে আহত করে এলাকাবাসী।”

এরপর অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযানের নামে লুটপাট করে বলে চরবাসীর অভিযোগ।

গ্রামবাসীর অভিযোগের বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেজন্য অভিযানে থাকা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার।

“পুলিশকে বিতর্কিত করতে স্থানীয়রা এসব অভিযোগ তুলতে পারে। তবে এ নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে।”

গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযান সম্পর্কে তিনি বলেন, নগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়।

“তারা ১০০ বোতল ফেনসিডিলসহ আক্কাস আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ধরে ফেলেন। পরে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করে আক্কাসকে ছিনিয়ে নেয়। তাছাড়া তারা দুই পুলিশকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এএসআই মাহাবুব ও কনস্টেবল সুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

মামলায় আসামি ৯১

অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা পুলিশের এসআই মেহেদী হাসান বাদী হয়ে কাটাখালি থানায় একটি মামলা করেন।

থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেছেন, “মামলায় ৯১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৪১ জনের নাম উল্লেখ করা হয়। বাকি ৫০ জন অজ্ঞাত আসামি।

মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

সোমবার রাতেই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন এসআই মেহেদী হাসান।

গ্রেপ্তারদের মধ্যে দুইজন হলেন মধ্যচরের নূরুল মাঝি (৩৭) ও গিয়াস উদ্দিন (৩৮)। অন্যদের নাম জানা যায়নি।