নারায়ণগঞ্জে প্রবীণদের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি
নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় প্রবীণদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি উঠেছে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সোমবার জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা দপ্তর, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা হয়।
এছাড়া ‘মানবাধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ শ্রদ্ধায়’ এই শ্লোগান সামনে নিয়ে শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে।
জেলা প্রশাসক রাব্বী মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী, জেলা সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক শহীদুল ইসলাম, জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুর রশিদ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক তালুকদার, প্রবীণ সংঘের সাধারণ সম্পাদক এনামুল হক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য নূরজাহান বেগম আলোচনায় অংশ নেন।
তারা প্রবীণদের কল্যাণে সরকারি হাসপাতাল ও পরিবহনে জ্যেষ্ঠ নাগরিক হিসেবে তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে বৃদ্ধা মা লাইলী বেগমকে সেবাযত্ম করার স্বীকৃতিস্বরূপ পশ্চিম ইসদাইর এলাকার বাসিন্দা আব্দুল্লাহ্ আল মামুনকে ‘মমতাময়’ ও পূর্ব ইসদাইর এলাকার সালমা খাতুন চৌধুরীকে সেবাযত্ম করার স্বীকৃতিস্বরূপ রোকেয়া চৌধুরী কেয়াকে ‘মমতাময়ী’র ক্রেস্ট দেওয়া হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, জ্যেষ্ঠ নাগরিকদের সম্মান করতে হবে। নবীনদের মধ্যে এই মানবিক মূল্যবোধ জাগাতে হবে।
“সরকার জ্যেষ্ঠ নাগরিকদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে।”
তিনি প্রবীণদের কল্যাণে বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দেন।
