২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ঐক্যের ফলাফল জিরো: মুহিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় ঐক্যের কোনো ফলাফল নেই বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2018, 05:08 PM

Updated : 19 Aug 2022, 02:40 PM

রোববার সুনামগঞ্জে এক অনুষ্ঠান শেষে জাতীয় ঐক্য প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, “এর ফল শূন্য। জাতীয় ঐক্য কারা করেছে? জিরো প্লাস জিরো ইকুয়েল টু জিরো জিরো জিরো।”

দুপুরে দিরাই উপজেলায় বাংলাদেশ ফিমেইল একাডেমি আয়োজিত ‘নারীর শিক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক এক সেমিনার শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

নির্বাচনকালীন সরকারে কারা থাকবেন প্রশ্ন করা হলে তিনি বলেন, “জাতীয় সংসদে যাদের প্রতিনিধিত্ব আছে, তারাই নির্বাচনকালীন সরকারে থাকবে। অন্য কেউ থাকবে না।

“সব দল যাতে নির্বাচনে অংশগ্রহণ করে সে বিষয়টি আমরা ২০১৪ সালেই নিশ্চিত করেছি; নতুন করে নিশ্চিত করার কোনো প্রয়োজন নাই। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করে তুলতে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে, সব দল যাতে নির্বাচনে অংশ নিতে পারে।”

বিএনপিকে নির্বাচনে আনতে সরকারের কোনো উদ্যোগ আছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “কোনো বিশেষ উদ্যোগ নেই। বিএনপি একসময় বড় দল ছিল। এখন আছে কিনা আমার সন্দেহ আছে।”

এ সময় মন্ত্রী আগামী নির্বাচনে নিজের অংশগ্রহণ নিয়েও কথা বলেন।

“আমি নির্বাচন করতে চাই না, যথেষ্ট বয়স হয়েছে; এখানে আমাদের দুইজন প্রার্থী আছে, মিসবাহ উদ্দিন সিরাজ, এ কে আব্দুল মোমেন। যে দল থেকে মনোনয়ন পাবে, সেই নির্বাচন করবে।”

ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল হক, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকতউল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এমরান হোসেন, ফিমেইল একাডেমির সভাপতি জামিল চৌধুরী প্রমুখ।