২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কারখানায় আগুন, ৪ শ্রমিক দগ্ধ

ঢাকার সাভারে একটি পোড়া মবিল তৈরির কারখানায় আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 03:02 PM

Updated : 08 Apr 2022, 07:05 PM

সাভার মডেল থানার অফিসার ওসি আবদুল আউয়াল জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকার ‘নাছরিন অটোমোবাইল’ কারখানায় বৃহস্পতিবার রাতে এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে ভর্তি করা হয়েছে।

এরা হলেন- আলী আহমদ (২০), আতাউল মিয়া (২৫), আতোয়ার মিয়া (২৮) ও আমিনুল ইসলাম (২৮)।

আগুন আতংকে হুড়োহুড়িতে আরও ১০ শ্রমিক আহত হয়েছেন বলে ওসি জানান।

সিরাজ নামের এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় ২০ জনের মত শ্রমিক কাজ করত।ঘটনার পর থেকে মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়।  

শ্রমিকরা জানান, রাতে কারখানার রান্নাঘরের চুলা থেকে একটি মেশিনে আগুন ধরে যায়। এ সময় চারজন দগ্ধ হয়।পরে আতংকে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারাখানায় স্তুপ করে রাখা ড্রাম পড়ে আরও দশ শ্রমিক আহত হয়।

অনুমোদনবিহীনওই কারখানায় জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতেন বলে শ্রমিকরা অভিযোগ করেন।

ওসি আবদুল আউয়াল বলেন, কারখানাটি অবৈধ এমন কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।