সিরাজগঞ্জে দুর্ঘটনায় ম্যাজিস্ট্রেট আহত
সিরাজগঞ্জের কামারখন্দে একটি পিকআপ দুর্ঘটনায় একজন পাবনা জেলা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেট ও তিন পুলিশসহ সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে বলে সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান।
আহতদের মধ্যে পাবনা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, কনস্টেবল শিফাত রহমান ও মাহমুদুল হককে ঢাকায় পাঠানো হয়েছে।
ওসি শহিদ বলেন, ঢাকা থেকে একটি মিনি ট্রাকে পাবনা জেলা প্রশাসনের মালামাল নিয়ে যাচ্ছিলেন ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু। ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ম্যাজিস্ট্রেটসহ সাতজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
রাত সাড়ে ৯টার দিকে সদর থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম হাসপাতাল থেকে জানান, আহতদের মধ্য পাবনায় কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতুর দুপা ভেঙ্গে গেছে এবং দুই পুলিশ কনষ্টেবল শিফাত রহমান ও মাহমুদুল হকের পা ভেঙ্গে যাওয়ায় তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফয়সাল আহম্মেদ জানান, আহতদের মধ্যে চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এরা হলেন পুলিশের নায়েক হাবিবুর রহমান, পাবনা ডিসি অফিসের পিয়ন ওয়াসিম, পিকআপ চালক মনিরুজ্জামান ও চালকের সহকারী আজাদ।
