২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বন্যাদুর্গত কৃষকদের ত্রাণ বিতরণ

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় বন্যাদুর্গত ক্ষুদ্র কৃষকদের গবাদিপশু কেনার জন্য ত্রাণ বিতরণ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2018, 12:20 AM

Updated : 19 Aug 2022, 02:39 PM

বৃহস্পতিবার সরকারসহ কয়েকটি দেশি ও আন্তর্জাতিক সংস্থা এ ত্রাণ প্রদানের আয়োজন করে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছউল আলম মন্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক হীরেশ রঞ্জন ভৌমিক এবং জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডেভিড ডব্লিউ ডোলান উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৭ সালের অগাস্ট মাস থেকে অস্বাভাবিক পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে বাংলাদেশে গত চার দশকের ভিতরে সবচেয়ে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছে।

বন্যাকবলিত এলাকার মানুষের পাশাপাশি গবাদিপশুও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব প্রাণীদের ত্রাণ সুবিধার আওতায় আনা প্রয়োজন।  কারণ এ সকল গবাদিপশু একদিকে যেমন খাদ্য এবং প্রাণিজ প্রোটিনের উৎস হিসাবে কাজ করে, অন্যদিকে তেমনি গ্রামীণ দরিদ্র কৃষক প্রচলিত ব্যাংক অ্যাকাউন্টে মূলধন সঞ্চয়ের পরিবর্তে গবাদিপশুদের মধ্যে বিনিয়োগ করেন।

জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রকল্পের বিশেষ তহবিলের মাধ্যমে বেলজিয়াম রাজ্য সরকার কর্তৃক "বাংলাদেশের বন্যাদুর্গত ক্ষুদ্র-কৃষকদের গবাদিপশুর জন্য জরুরি সহায়তা প্রদান" শীর্ষক একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তর ও এফএও ইসিটিএডি বাংলাদেশ যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

এই প্রকল্পের আওতায় লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলাসহ দেশের ১৬টি জেলা ও ৫৫ টি উপজেলার প্রায় ৮১০৬ জন বন্যাদুর্গত ক্ষুদ্র-খামারীকে গবাদিপশুর জন্য খাদ্য ও ওষুধ সরবরাহ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক কৃষক ৭৫ কেজি গো-খাদ্য (২৫ কেজির ৩ টি বস্তা) এবং ১২টি করে কৃমিনাশক ঔষধ পেয়েছেন। এ পর্যন্ত সর্বমোট ৬০০  টন গো-খাদ্য ও ৯৬০০০ কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়েছে।