২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুয়ার সংবাদ প্রকাশ করায় হামলা-গুলি, আহত ৬

রাজশাহীতে জুয়া খেলার প্রতিবাদ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে স্থানীয়দের উপর জুয়াড়িরা দুদফা হামলা করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:39 PM

হামলায় একজন গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। দুই দফায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার সকাল ৯টা এবং দুপুর ১টার দিকে দুই দফা হামলার ঘটনা ঘটায় জুয়াড়িরা।  

আহতের মধ্যে অন্তর (৩০) ও মোয়াজ্জেম হোসেন (৩২) নামে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সবুজ (২৪), আরিফুর রহমান (২৫), তারেক রহমান (৩০)। বাকিদের নাম জানা যায়নি।

ত্যক্ষদর্শীর বরাত দিয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানান, দুপুর ১টার দিকে রাজশাহী নগরীর রাণীবাজার অলোকার মোড়ে জুয়াড়ি সবুজের নেতৃত্বে ১০/১২ জন স্থানীয় পত্রিকা দৈনিক উপচারের সাংবাদিক নুর ইসলাম মিলনের উপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ হয়।

“এক পর্যায়ে হামলাকারীরা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এতে মিলনের ভাতিজা অন্তর গুলিবিদ্ধ হন। এ ঘটনায় অন্তর ও তুষারসহ অন্তত পাঁচ জন আহত হন।”

পালানোর সময় স্থানীয়রা সবুজ ও আরিফুলকে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে বলে জানান ওসি।  

ওসি আরও বলেন, এর আগে জুয়ার সংবাদ প্রকাশের জের ধরে বেলা ১১টার দিকে রাণীবাজার এলাকায় জুয়াড়িদের হোতা তারেক ৫/৬ জনকে নিয়ে গিয়ে সাংবাদিক মিলনকে হুমকি দেয়। এ সময় পুলিশ ডেকে তারেকসহ তিনজনকে ধরিয়ে দেয় মিলন। এ সময় অন্যরা পালিয়ে যায়।

এরও আগে সকাল ৯টার দিকে গরম পানি দিয়ে সাংবাদিক মিলনের সংবাদ সরবরাহকারী (সোর্স) মোয়াজ্জেম হোসেনের মুখ ঝলসে দেয় তারেক। নগরের সপুরা পানি উন্নয়ন বোর্ডের সামনে এ ঘটনায় আহত মোয়াজ্জেম হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মোয়াজ্জেম নগরের বোয়ালিয়া থানার সপুরা এলাকার এলাহী বক্সের ছেলে।

মোয়াজ্জেম বলেন, রাজশাহী স্টেডিয়াম এলাকার সুগন্ধা ছাত্রাবাসের দোতলার একটি এসি রুমে নিয়মিত জুয়ার আসর বসে। এর ভিডিও চিত্রসহ দৈনিক উপচারের অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়।

তিনি বলেন, এর জের ধরে সকালে বাড়ি থেকে পানি উন্নয়ন বোর্ডের সামনে তাকে ডেকে নিয়ে যায় বাবু নামের এক যুবক। এর পর রাজু, রিপন, বাবু ও তারেক মিলে তাকে মারধর করে। এক পর্যায়ে তারেক চায়ের দোকানের গরম পানি তার মুখে ছুড়ে মারে। এতে তার মুখমন্ডল ঝলসে যায়।