২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে অপপ্রচার: গাজীপুরে তিতাসের প্রকৌশলী গ্রেপ্তার

প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীসহ বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2018, 01:21 AM

Updated : 19 Aug 2022, 02:39 PM

গ্রেপ্তার আখেরুজ্জামান (৪০) তিতাসের সহকারী প্রকৌশলী।

মঙ্গলবার রাতে তাকে আটকের পর বুধবার দুপুরে গোয়েন্দা পুলিশের এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে গাজীপুর সদর থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এ কে এম কাউসার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁশের কেল্লা নামের ফেইসবুক আইডির পোস্ট তিনি (আখেরুজ্জামান) শেয়ার করেন। মঙ্গলবার রাতে সহকারী কমিশনার মো. রুহুল আমিনের নেতৃত্বে জোনাল অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।”

বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সহকারী কমিশনার মো. রুহুল আমিন সাংবাদিকদের বলেন, “আখেরুজ্জামান সরকারি চাকরি করা সত্ত্বেও নিজ ফেইসবুকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে নানা পোস্ট শেয়ার করেন।”

‘ডিজিটাল বাংলাদেশে অবৈধ সরকার শেখ হাসিনার উন্নয়নের কাজ চলছে’, ‘দেশবাসী দেখেন, খুনি হাসিনা যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদেরকে পুলিশ বাহিনীতে গণহারে নিয়োগ দিয়ে আজ দেশের থানাগুলোকে জুয়া মদের আড্ডাখানা বানিয়েছে’, ‘দেশবাসী আওয়ামী লীগ খুনি হাসিনার বিরুদ্ধে সবাই রুখে দাড়াঁন’- এই জাতীয় পোস্ট আখেরুজ্জামান শেয়ার করেন বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক অজিত চন্দ্র দেব জানান, আখেরুজ্জামান তিতাসের বিপণন বিভাগে প্রায় আট বছর ধরে কর্মরত। তিনি এখন কোম্পানির সিস্টেম অপারেশন্স (উত্তর) জয়দেবপুর সেক্টরের ইনচার্জের দায়িত্বে রয়েছেন।