ওসমানীতে ৪০ সোনার বারসহ যাত্রী আটক
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ের চার কেজি ওজনের ৪০টি সোনার বারসহ একজনকে আটক করেছে পুলিশ।
সিলেট কাস্টমস এক্সাইস অ্যান্ড ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো. নিয়াজুর রহমান জানান, বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে এগুলো উদ্ধার করা।
আটক মো. জাহিদ মিয়া (৩৫) সিলেট নগরের শেখঘাট কলাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
কাস্টমস কর্মকর্তা নিয়াজুর বলেন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-২২৮ সকাল ৭টা ১০ মিনিটে বন্দরে অবতরণ করে।
“গোপন সংবাদের ভিত্তিতে সিটের নিচে স্কচ স্টেপ মোড়ানে একটি প্যাকেটে বারগুলো পাওয়া গেছে। এর ওজন চার কেজি ৬৪০ গ্রাম। ওই সিটের যাত্রী হিসেবে জাহিদ মিয়াকে আটক করা হয়।”
উদ্ধার করা সোনার দাম প্রায় দুই কোটি টাকা বলে তিনি জানান।
আটক জাহিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
