২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে কিশোর-কিশোরীর লাশ, পুলিশের সন্দেহ ‘হত্যা’

কুড়িগ্রামে দুই কিশোর-কিশোরীর লাশ পাওয়া গেছে, যাদের হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2018, 11:57 AM

Updated : 08 Apr 2022, 07:02 PM

জেলার পুলিশ সুপার মেহেদুল করিম জানান, বুধবার ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর কাছে নলেয়ার পাড় এলাকায় পরিত্যক্ত সেচপাম্পের কাছ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতের মধ্যে সেলিনা আক্তার (১৪) স্থানীয় আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে।

আর কিশোর জাহাঙ্গীর আলম (১৬) কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পূর্বকল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, দুইজনকে মঙ্গলবার সাইকেলে করে ঘুরতে দেখেছে অনেকেই।

পুলিশ সুপার বলেন, “দুইজনেরই গলায় ওড়না পেঁচানো ছিল। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী একে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।