নোয়াখালীতে আ. লীগের সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০
নোয়াখালীর বেগমগঞ্জে আওয়ামী লীগের একটি প্রতিবাদ সমাবেশ দুপক্ষের সংঘর্ষে পণ্ড হয়ে গেছে। সংঘর্ষে পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
সোমবার বাণিজ্যিক শহর চৌমুহনীতে আড়াই ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সৈকত শাহীন জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৬২ রাউন্ড ফাঁকা গুলি ও পাঁচ রাউন্ড টিয়ার গ্যাস শেল ছোড়ে বলেও তিনি জানান।
আহতদেরকে নোয়াখালী জেনালের হাসপাতাল ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সৈকত শাহীন বলেন, বেলা সাড়ে ৩টার দিকে সভার শুরুতে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সালের উপস্থিতিতে দুদল নেতাকর্মী প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
“এ সময় ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।”
স্থানীয়রা জানান, সংঘর্ষ চলকালে চৌমুহনী বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ভয়ে ব্যবসায়ীরা দোকারপাট বন্ধ করে দেন। চৌমুহনী-ফেনী, লক্ষ্মীপুর সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘটনার পর থেকে চৌমুহনীতে থমথমে অবস্থা বিরাজ বিরাজ করছে।
এ সময় দুই পক্ষের ছোড়া ইটের আঘাতে বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ও বেগমগঞ্জ থানার পুলিশ পদির্শক (তদন্ত) নুরে আলমসহ অন্তত ১৫ পুলিশ সদস্য আহত হন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। খবর পেয়ে লক্ষ্মীপুর ক্যাম্প থেকে র্যাবের একটি দলও ঘটনাস্থলে পৌঁছেছে।
