২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে আ. লীগ নেতার গাড়িবহরে হামলা

রাজশাহীতে এক আওয়ামী লীগ নেতার গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে, যিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী বলে স্থানীয়দের ধারণা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2018, 09:20 PM

Updated : 08 Apr 2022, 07:01 PM

রোববার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে গোলাম রাব্বানীর গাড়িবহরে এ হামলা হয় বলে গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান।

ওসি জাহাঙ্গীর বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আলী আহসান নামের এক সমর্থক অভিযোগ করে বলেন, গাড়িবহর গোদগাড়ীর মাটিকাটা ইউনিয়নের পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরব আলীর নেতৃত্বে এ হামলা চালায়।

“এ সময় তারা হকিস্টিক ও লাঠি-সোটা দিয়ে গোলাম রাব্বানীর সমর্থকদের মারপিট করে এবং গাড়ি ভাংচুর করে। এতে বেশ কয়েকটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এ ব্যাপারে আরব আলী বলেন, “রাব্বানীর সমর্থকরা বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে কটূক্তি ও শেখ হাসিনার নেতৃত্বকে অবমাননা করে স্লোগান দিচ্ছিল। এ কারণে আমরা তাদের প্রতিহত করার চেষ্টা করেছি।”

রাব্বানী বলেন, “আমরা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছিলাম। হঠাৎ করে কয়েকজন যুবক স্থানীয় এমপির পক্ষে স্লোগান দিয়ে হামলা চালায়।”

হামলায় তার অন্তত ২০ সমর্থক আহত হয়েছেন দাবি করেন তিনি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানান।

গোলাম রাব্বানী তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুণ্ডমালা পৌরসভার মেয়র। এলাকাবাসীর ধারণা, তিনি এবার রাজশাহী-১ আসনে (গোদাগাড়ী-তানোর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। গত কয়েকদিন ধরে তিনি তার নির্বাচনী এলাকায় পথসভা ও গণসংযোগ করছেন।

ওসি জাহাঙ্গীর বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।