ফরিদপুরে ট্রাকের চাপায় কিশোর নিহত
ফরিদপুরের সদরপুরে ট্রাকের চাপায় এক কিশোর নিহত হয়েছে; আহত হয়েছে আরও দুইজন।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার সদরপুর-চন্দ্রপাড়া সড়কের নয়রশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার জানান।
নিহত মো.সজীব শেখ (১৭) চন্দ্রপাড়ার ওয়াজ হাওলাদার কান্দি গ্রামের খোকন শেখের ছেলে।
আহত মো.তুহিন ও মনির শেখকে সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।
পরিদর্শক সুব্রত বলেন, স্থানীয় নয়রশি এলাকায় বেইলি ব্রিজে ওঠার সময় মোটরসাইলটি চন্দ্রপাড়া থেকে সদরপুরগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ট্রাকের চাপায় মোটর সাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে চালকসহ ট্রাককটি আটক ও মোটর সাইকেলটি উদ্ধার করে বলে জানান তিনি।
