মাগুরায় কানের নিচে গুলিবিদ্ধ আরও এক লাশ
মাগুরায় দুই মাসের ব্যবধানে একই এলাকা থেকে কানের নিচে গুলিবিদ্ধ আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, শালিখা উপজেলায় শতখালী থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় উদ্ধার করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে শতখালী এআর জুট মিল এলাকায় মাগুরা-যশোর সড়কের পাশ থেকে শালিখা থানার পুলিশ লাশ উদ্ধার করে।
“একটি গুলি তার বাম কানের নিচ দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে গেছে। দুই মাস আগেও একই এলাকা থেকে পুলিশ কানের নিচে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছিল।”
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।
