২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আতঙ্ক সৃষ্টির মামলায় ‘বিদেশে থেকেও’ আসামি

গাজীপুরের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় বিদেশে থাকা এক বিএনপি নেতাকে আসামি করার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2018, 12:58 PM

Updated : 08 Apr 2022, 07:00 PM

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বিদেশে রয়েছেন জানিয়ে এই অভিযোগ করেছেন।

তিনি মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ছেলে অনেক দিন ধরে অসুস্থ।

“সোমবার ভোর ৬টায় বিমান বন্দরে গিয়ে ৮টায় উড়োজাহাজে করে সিঙ্গাপুর যাই। সেখান থেকে জানতে পারি আমার বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়েছে। অথচ কর্মসূচি চলাকালে আমি সিঙ্গাপুরে ছিলাম।”

সোমবার বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা জেলা শহরের রাজবাড়ির সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলে পুলিশের অভিযোগ।

পুলিশ তাদের রাস্তা থেকে সরাতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল ও লাঠিসোঠা ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এমন অভিযোগে বাবুলসহ ১৪০ জনের নাম উল্লেখ করে মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।

বাবুলের অভিযোগ সম্পর্কে মামলার বাদী জয়দেবপুর থানার এসআই মো. বাছেদ মিয়া বলেন, “এমন ঘটনা ঘটে থাকলে তার নাম বাদ দেওয়া হবে।”

বাবুলকে আতঙ্ক সৃষ্টির ঘটনায় সরাসরি অংশগ্রহণের জন্য আসামি করা হয়েছে নাকি নির্দেশ বা উস্কানি দেওয়ার জন্য আসামি করা হয়েছে সে বিষয়ে এসআই বাছেদ কিছু বলেননি।