কাপাসিয়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ৮
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বজ্রপাতে একজন নিহত ও নারীসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার আমরাইদ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মমতাজ উদ্দিন (৪০) গাজীপুরের শ্রীপুর উপজেলার ইজ্জতপুর ইউনিয়নের চুঙ্গারচালার আকমত আলীর ছেলে।
আমরাইদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল বাদল জানান, মঙ্গলবার আমরাইদ বাজারের দিন। বিকেলে বৃষ্টির মধ্যে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে গরুর বাজারে থাকা লোকজন আহত হন।
তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মমতাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। হতাহতরা সকলেই আমরাইদ বাজারে কেনাকাটা করতে গিয়েছেলেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রোকেয়া ফেরদৌসী জানান, বজ্রপাতে দগ্ধ মমতাজকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আহতরা হলেন কাপাসিয়ার আমরাইদ এলাকার হানিফ মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৫), রায়েদ গ্রামের আব্দুল বাতেন মিয়ার ছেলে মো. মোস্তফা (৪৫), দড়ি ভাকুয়াদি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোস্তফা কামাল (৪৪), একই গ্রামের আছর আলীর ছেলে মো. ইব্রাহিম (৪৫), হাইলজোর গ্রামের আসমত আলীর ছেলে মো. এবাদুল্লাহ (৫০), একই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ইউনুছ আলী (৩৫), রামপুরের সুরুজ মিয়ার ছেলে বারিক মিয়া (১৭) এবং আমরাইদের উজ্জ্বল মিয়ার মেয়ে সোনালী (২০)।
আহতদের মধ্যে সোনালীকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সাইফুল ইসলাম ও মোস্তফাকে শহীদ তাজউদ্দীন আহম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
