রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত
রাজশাহীর মোহনপুর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছে।
উপজেলার পাকুরিয়ায় সোমবার গভীর রাতে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএফএম আশরাফুল ইসলাম জানান।
নিহত দুলাল মিয়া (৪৫) উপজেলার হরিহর গ্রামের ইব্রাহীমের ছেলে।
র্যাব বলছে, দুলালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় পাঁচটি মামলা রয়েছে।
মেজর আশরাফ বলেন, রাতে পাকুরিয়া এলাকায় র্যাব সদস্যদের টহল দিতে দেখে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি করে।
“এক পর্যায়ে সবাই পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।“
পরে ঘটনাস্থল থেকে ৫০৬টি ইয়াবা,একটি বিদেশী পিস্তল ও গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
