২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র বিদেশে, মামলায় প্রক্সি দিয়ে কারাগারে যুবলীগকর্মী

ইন্দোনেশিয়ায় অবস্থানরত গাজীপুরের শ্রীপুর পৌরসভা মেয়র আওয়ামী লীগ নেতা আনিছুর রহমানের বদলে একটি দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে কারাগারে ঢুকেছেন তার এক সহযোগী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

রোববার ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খান এ আদেশ দেন বলে জানান আসামির আইনজীবী সৈয়দ রেজাউর রহমান।

কারাগারে যাওয়া ওই ব্যক্তি হলেন নূরে আলম মোল্লা। মেয়র আনিছুরের আস্থাভাজন এই ব্যক্তি যুবলীগ কর্মী হিসেবে এলাকায় পরিচিত হলেও কোনো পদপদবী নেই।

মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নয় দিনের সরকারি সফরে গত শনিবার (৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া যান। 

মেয়রের বিরুদ্ধে দুদকের করা অর্থ আত্মসাতের চারটি মামলার তারিখ ছিল রোববার। ওই মামলায় হাজিরা দেওয়ার পর এক মামলায় জামিন দেয় আদালত। বাকি তিন মামলায় জামিন আবেদন নাকচ হয়।

তাই পরিচয় গোপন করে মেয়রের নামে ওই মামলাগুলোতে হাজিরা দিতে যাওয়া নূরে আলম মোল্লাকে কারাগারে যেতে হয়। 

একই সঙ্গে শ্রীপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক আব্দুল মান্নানকেও দুটি মামলায় জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠায় আদালত।

শ্রীপুর পৌরসভার সচিব বদরুজ্জামান বাদল সাংবাদিকদের বলেন, “আমার উপস্থিতিতে শনিবার রাত ১১টায় মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মেয়র আনিছুর রহমান নয় দিনের সফরে ইন্দোনেশিয়া গেছেন।”

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে মেয়র আনিছুর বিদেশ যান বলে জানান সচিব বদরুজ্জামান।

মেয়র আনিছুরের ছোট ভাই মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান সাংবাদিকদের বলেন, “মেয়রের আস্থাভাজন যুবলীগকর্মী নূরে আলম মোল্লা নামে একজন মেয়রের নামে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন বলে শুনেছি।

“তবে মেয়র এখন বিদেশে। শনিবার রাতে দক্ষিণ এশিয়ার পল্লী উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে সরকারি সফরে তিনি ইন্দোনেশিয়া গেছেন। তিনি সেখানে নয় দিন থাকবেন।”

শ্রীপুর পৌরসভার প্যানেল মেয়র ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, “মেয়র বিদেশ থাকায় তিনি রোববার থেকে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।”

মেয়র আনিছুরের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান নামে একজন রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে চার মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

“চার্জশিটের সঙ্গে তার নাম ও পিতার নাম মিল ছিল। আদালত তিন মামলায় জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি সঠিক মেয়র কিনা এ বিষয়ে কাগজে প্রমাণিত হবে।”

দুদকের চারটি মামলার মধ্যে একটিতে অভিযোগ করা হয়, পৌরসভার রশিদের মাধ্যমে আদায় করা ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকা পৌরসভার তহবিলে জমা না করে আত্মসাৎ করেন তারা। ওই ঘটনায় ২০১৫ সালের ২১ জানুয়ারি দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা করেন। ২০১৬ সালের ১২ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দেন।

আরেক মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১০ সালে শ্রীপুর পৌরসভার অন্তর্গত পাঁচটি হাট-বাজার থেকে সাত লাখ ৩৫ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় ২০১৪ সালের ১৭ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক ফখরুল ইসলাম মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক ইকবাল হোসেন।

দুদকের অপর দুই মামলায়ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।