২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড

গাজীপুরে সাত বছর আগে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে সাত আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2018, 12:42 PM

Updated : 19 Aug 2022, 02:34 PM

সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। 

এ আদালতের পিপি মো. হারেছ উদ্দিন আহমেদ জানান, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি ভাওয়াল জাতীয় উদ্যানের কাছে ব্যবসায়ী মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

সর্বোচ্চ সাজার আদেশ পাওয়া সাত আসামি হলেন- গাজীপুরের জয়দেবপুর থানার গজারিয়াপাড়া এলাকার রাজীব ওরফে রাজু ও মো. কাইয়ুম; কাপাসিয়া থানার ধরপাড়া এলাকার মো.ফারুক হোসেন; নলগাঁও বুরুজপাড়া এলাকার মো.সফিকুল ইসলাম ওরফে পারভেজ; কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বুরুদিয়া এলাকার মো. রাজীব হোসেন; জামালপুরের ইসলামপুর থানার পূর্ব বালিয়াদহ গ্রামের মো. আলী হোসেন ওরফে হোসেন আলী এবং কুড়িগ্রামের নাগেশ্বরীর সুকানদীঘি এলাকার মোহাম্মদ আলী ওরফে ছোট আলী।

রায় ঘোষণার সময় রাজীব হোসেন, কাইয়ুম, সফিকুল ও মোহাম্মদ আলী আদালতে উপস্থিত ছিলেন।  বাকিরা পলাতক।  

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে দশ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিচারক। এছাড়া আরেকটি ধারায় তাদের দশ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুর থানার শাহেদল গ্রামের মাসুদ ওরফে মামা মাসুদকে পাঁচ বছরের কারাদণ্ড  দিয়েছেন বিচারক।

কারাদণ্ডের পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সাজা দেওয়া হয়েছে। 

অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি ময়মনসিংহের ত্রিশালের বকশিপাড়া এলাকার এনামুল হক এবং কিশোরগঞ্জের কটিয়াদির থানার আছমিতা এলাকার সামসুল হককে আদালত খালাস দিয়েছে। 

পিপি মো.হারেছ উদ্দিন আহমেদ জানান, গাজীপুরের পূর্ব চান্দনা এলাকার ব্যবসায়ী মিলন ভূঁইয়া ঠিকাদারি করে ব্যবহৃত বাঁশ ও কাঠ ভাড়া দিতেন। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় মামাতো ভাই শাহজানকে সঙ্গে নিয়ে শ্রীপুর থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে তিনি আক্রান্ত হন।

ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নম্বর গেইটের কাছে পথ আটকে এ মামলার আসামিরা শাহজাহান ও মিলনকে মারধর করে। এ পর্যায়ে মিলনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তারা।

মিলনের মামা আক্তার হোসেন পরদিন জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ দশ যে অভিযোগপত্র দেয়, তার ভিত্তিতে দশজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে আদালত।