২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর মহানগর পুলিশের উদ্বোধন ১৬ সেপ্টেম্বর

আগামী ১৬ সেপ্টেম্বর গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2018, 11:26 PM

Updated : 08 Apr 2022, 06:59 PM

ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জানান।

এদিকে, রোববার গাজীপুর মহানগর পুলিশের লোগো অনুমোদন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

জিএমপির কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, আগামী ১৬ সেপ্টেম্বর সকাল ১০টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিএমপির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরই শুরু হবে জিএমপির অপারেশনাল কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম।

“সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জিএমপির লোগো অনুমোদনের জন্যে পাঠানো হয়। রোববার তা অনুমোদ পায়।”

গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রায় চার বছর পর ২০১৭ সালের অক্টোবরে গঠিত হয় গাজীপুর মহানগর পুলিশ। এর প্রায় ১০ মাস পর জিএমপি লোগো পেল।

বেলালুর রহমান বলেন, জিএমপির কর্মকর্তারা মিলে ১০টি লগো তৈরি করে পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো হয়। সেখান থেকে ৫টি বাছাইয়ের পর মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠালে তিনি এ লোগোটি নির্বাচন করেন।

ইতোমধ্যে জিএমপির আটটি থানার সীমানা এবং লোকবলও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। আট থানাসহ জিএমপিতে ১১৫২ জনের লোকবলও নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।

বেলালুর জানান, লোগোতে গাজীপুরের চান্দনা-চৌরাস্তায় স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য জাগ্রত চৌরাঙ্গী ও ভাওয়ালের ঐতিহ্যবাহী শালগাছের প্রতিচ্ছবি রয়েছে। এছাড়া লোগোর নিচের দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ লেখা থাকছে। তাদের পোশাক, অফিসের সাইবোর্ড ও বিভিন্ন নথিতে ওই লোগো সংযোজন করা হচ্ছে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মঞ্জুর রহমান জানান, ২০১৮ সালের ১৮ জুলাই ডিআইজি পদমর্যাদার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াই এম বেলালুর রহমান জিএমপির কমিশনার হিসেবে নিয়োগ পান। এরপর তিনি ২৪ জুলাই জিএমপির কমিশনার হিসেবে যোগ দেন।

গাজীপুর টিএন্ডটি স্টাফ কলেজের দক্ষিণের গেইটের বিপরীতে একটি ভাড়া করা ভবনে জিএমপির হেড সদর দপ্তরের কার্যক্রম চলছে।

২০১৩ সালের ১৬ জানুয়ারি ৫৭টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় দেশের ১১তম সিটি করপোরেশন গাজীপুর সিটি করপোরেশন।