২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁয়ে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয় কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যাকে ডাকাত বলছে পুলিশ। এ সময় আরেক যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 10:22 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, বৃহস্পতিবার পিরোজপুর ইউপির আষাঢ়িয়ারচরে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে পুলিশের দুই সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান ওসি।

নিহত মোবারক হোসেন (৩৫) পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর গ্রামের হাজী ইয়াছিন মিয়ার ছেলে।

আহত বাবু ওরফে টেরা বাবুকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর ব্রিজের পশ্চিম পার্শ্বে একদল ডাকাত যানবাহনে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত দল টিকতে না পেরে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকে চারদিক থেকে ঘিরে আটক করতে সক্ষম হয়।”

ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ‘ডাকাত’ মোবারক হোসেন ও বাবু ওরফে টেরা বাবুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মোবারক হোসেনকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে পুলিশের এসআই নারায়ণ চন্দ্র ও কনস্টেবল মুমিনুর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ওসি মোরশেদ আরও জানান, নিহত মোবারকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ছিলেন।

সংঘর্ষের ঘটনায় রহমত উল্লাহ (২৫), বাবু (২০), বাবু ওরফে টেরা বাবু (২০), মো. শরীফ (২৮), রানা মিয়া (১৬) ও মো. হৃদয়কে (১৯) পুলিশ গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার গান, একটি দা ও দুইটি ছোরাসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে। এ বিষয়ে সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।