২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ‘অবৈধ’ অটো স্ট্যান্ড নিয়ে ৪ গ্রামের সংঘর্ষ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শহরে ‘অবৈধ’ অটোরিকশা স্ট্যান্ড স্থাপন নিয়ে কয়েকটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2018, 09:25 PM

Updated : 19 Aug 2022, 02:33 PM

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী জানান, বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা সদরের থানা পয়েন্ট ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটে।

প্রায় তিন ঘণ্টার এ সংঘর্ষে অন্তত অর্ধশত দোকানপাট ভাংচুর ও লুটপাট হয়। উভয়পক্ষের প্রায় শতাধিক লোক আহত হন।

আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা পারভেজ আলম জানান, চরগাও গ্রামের কয়েকজন যুবক তাদের এলাকায় একটি ‘অবৈধ’ স্ট্যান্ড স্থাপন করে বানিয়াচং-কাগাপাশা লাইনে বেশ কিছুদিন ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন।

এদিকে আগে থেকে থানা পয়েন্টে একটি স্ট্যান্ড রয়েছে।

পারভেজ আলম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে থানা পয়েন্ট স্ট্যান্ডের কয়েকজন গিয়ে চরগাও গ্রামের যুবকদের ওই অবৈধ স্ট্যান্ড থেকে অটোরিকশা চালাতে বাধা দিলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

তিনি বলেন, এ সময় চরগাও  ও তিমিরপুর গ্রামের লোকজন একপক্ষে এবং রাজাবাদ, রাজনগর গ্রামের লোকজন অপরপক্ষে সংঘর্ষে অংশ নেয়। এক পর্যায়ে চরগাও ও তিমিরপুরের লোকজনকে ইট পাটকেল ও লাঠিসোটা নিয়ে হটিয়ে দেয় প্রতিপক্ষ।

এর কিছুক্ষণ পর চরগাও ও তিমিরপুরের লোকজন সংঘবদ্ধ হয়ে স্থানীয় বাজারে হামলা চালিয়ে মাছ, শুঁটকি, কাঁচাবাজারের সবজি নষ্ট করে এবং লোকজনকে মারধর করে বলে এসএসপি পারভেজ জানান।

তিনি বলেন, এ খবর পেয়ে রাজনগর-রাজাবাদের লোকজন ফের হামলা চালায়। তিনঘণ্টা হামলা  ও পাল্টা হামলায় শহরে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।  

পারভেজ বলেন, খবর পেয়ে তার (পারভেজ) নেতৃত্বে একদল দাঙ্গা পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ উপজেলা  চেয়ারম্যান  মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউল গনি ওসমানী,

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে বলে পারভেজ জানান।